গাজায় গণহত্যা বন্ধের প্রতিবাদে জবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিসহ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেছে। রবিবার (৬ এপ্রিল) জবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই ঘোষণা দেওয়া হয়।

সংহতি প্রকাশ করে জবি শিক্ষক সমিতি আগামীকাল সোমবার ‘নো-ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা করেছে। এদিকে বিশ্বব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে দুপুর থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।

সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক বিভাগ থেকে ক্লাস বর্জন করে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, নৃবিজ্ঞান বিভাগ, ম্যানেজমেন্ট, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি, গণিত বিভাগ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ফার্মেসি, ইংরেজি, মনোবিজ্ঞানসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট।

সোমবার বাদ যোহর ফিলিস্তিনের নৃশংস হামলা ও গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে।