মতিঝিল থানা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও তাকে হত্যাচেষ্টার মামলায় আসামি ও আওয়ামী লীগ নেতা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তার সাব্বির হোসেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘সাব্বির হোসেনের বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার ওয়ারেন্ট ছিল। গ্রেপ্তারের পর ইতিমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

তেজগাঁও থানার মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের এপ্রিলে দলের মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের নির্বাচনী প্রচারণায় অংশ নেন খালেদা জিয়া। ওইদিন তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে গত ২২ আগস্ট তেজগাঁও থানায় এ মামলা করা হয়।