মিয়ানমারের অভ্যন্তরে তোতার দ্বীপ এলাকায় মাছ শিকারে গিয়ে মাইন বিস্ফোরণে মো. ফিরোজ (৩০) নামের এক বাংলাদেশি জেলের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের শূন্যলাইন থেকে প্রায় ১০০ গজ ভেতরে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। আহত জেলে টেকনাফের হোয়াইক্যং আমতলী এলাকার মো. আলী আহমদের ছেলে।
উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, উখিয়া ৬৪ ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম ১৮ থেকে দেড় কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে শূন্যলাইন থেকে মিয়ানমারের আনুমানিক ১০০ গজ অভ্যন্তরে এই জেলে মাছ শিকারে যান। সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণ হয়ে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে লোকজনের সহযোগিতায় তাকে বিআরএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে এনে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করানো হয়।