যাত্রীবেশে ধানমন্ডিতে চালককে কুপিয়ে রিকশা ছিনতাই

রাজধানীর ধানমন্ডি এলাকায় চাপাতি দিয়ে চালককে কুপিয়ে অটোরিকশা, টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার ভোরে এ ঘটনা ঘটে। আহত ভুক্তভোগী চালকের নাম মো. ইসমাইল হোসেন (৪৫)। পরে ধানমন্ডি থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল ভোরের দিকে পান্থপথ থেকে যাত্রীবেশে থাকা দুজন ছিনতাইকারী মোহাম্মদপুর যাওয়ার কথা বলে ওই অটোরিকশায় ওঠে। কিছুদূর যাওয়ার পর পেছন থেকে একটি পিকআপ এসে রিকশার গতিরোধ করে। পরে ধানমন্ডি ৬ নম্বর রোড কোন দিকে এই কথা বলে ছয়-সাত ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে চালককে। এ সময় তার সঙ্গে থাকা ১ হাজার ৭০০ টাকা, মোবাইল ও অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে পিকআপে করে ধানম-ি ২৭ নম্বরের সাম্পান রেস্টুরেন্টের সামনে ফেলে পালিয়ে যায়।