শাহবাগে ফুলের মার্কেটে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

রাজধানীর শাহবাগে ফুলের মার্কেটে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে শাহবাগ ফুলের মার্কেটে এই অগ্নিকা- হয়েছে। দগ্ধরা হলেন রিয়াজুল ইসলাম (৫৫), মো. শাওন (২৫), মো. ফয়েজ (৩০), মো. কালু মিয়া (৩৫) ও মো. শামীম (৪৫)।

ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড সার্জারি ইউনিটের কর্তব্যরত চিকিৎসক আশিক জানান, শাহবাগ থেকে পাঁচজন দগ্ধ হয়ে বার্ন ইউনিটে এসেছেন। এদের মধ্যে রিয়াজুলের ১০ শতাংশ, শাওনের ১৬ শতাংশ, ফয়েজের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে। কালু ও শামীমের সামান্য ঝলসে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাকিবুল হাসান জানান, ফুলের মার্কেটে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।