নারায়ণগঞ্জের বন্দরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে রনি (৩২) নামের এক মাদককারবারির মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাহিপল্লী এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যায় রনিকে ধারালো অস্ত্রে আঘাত করে দুর্বৃত্তরা। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং মাধবপাশা এলাকার ছলিমুদ্দিন ওরফে ছইল্লা মিয়ার ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি মাদককারবারি হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বন্দর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। কারা তাকে হত্যা করেছে এবং কী কারণে করা হয়েছে তা এখনো বলা সম্ভব হচ্ছে না। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা সম্ভব হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।