বিএনপির ঈদ পুনর্মিলনীতে ইসরায়েলি পণ্য ফেলে দিল ৫ হাজার নেতাকর্মী

ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে খাবার টেবিলে দেয়া হয় সাদা পানি, কাচ্চি ও কোমল পানীয়।  এর মধ্যে কোমল পানীয় ইসরায়েলি পণ্য হওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের আহ্বানে খাবার টেবিল থেকে পণ্যটি ফেলে দেয় ৫ হাজার নেতাকর্মী।

সোমবার দুপুরে উত্তরা ১৩ নম্বর সেক্টর মাঠে ঈদ পুনর্মিলনী আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এ সময় মহানগর নেতাকর্মীসহ রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান ইসরায়েলি পণ্য বর্জনের আহবান জানান। তিনি বলেন, এই প্রথমবারের মত স্বাচ্ছন্দ্যে আমরা ঈদ পুনর্মিলনী করতে পেরেছি। আপনারা রমজানে অনেক কষ্ট করেছেন। ভালমত খেদমত করতে পারিনি। এই ঈদ পুর্নমিলনীর মধ্য দিয়ে আমরা আপনাদের সেবা করতে চাই। এ সময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন। 

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনির উপর যে আগ্রাসন চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  পাশাপাশি আমার দলীয় নেতানেত্রীরা যারা এখানে উপস্থিত আছেন তাদের বলছি আজ থেকে আমরা ইসরায়েলের সকাল পণ্য বর্জন করব।

তিনি আরো বলেন, দেশের মানুষ শান্তি চায়। দেশের মানুষ নির্বাচন চায়। দেশের মানুষ ভোট দিতে চায়। দেশের মানুষ সংস্কার চায়। কিন্তু সে সংস্কার হতে হবে গণতান্ত্রিক একটি দল, একটি সরকারের মাধ্যমে। তাই অন্তর্বর্তী সরকারের উচিত গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য খুব অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।