পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনের ১৩ ব্যাংক হিসাব, একটি গাড়ি অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তার দুটি ফ্ল্যাট, একটি ছয়তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ এসেছে আদালত থেকে। সোমবার (৭ মার্চ) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আবেদ আলীর ব্যাংক হিসেবে রয়েছে ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা। এছাড়া বাড়ি, ফ্ল্যাট ও ৮ দশমিক ৮৮ বিঘা জমির দলিল মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।
দুদকের আবেদনে বলা হয়, আবেদ আলী জীবনের নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি সৈয়দ আবেদ আলী জীবনের নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক। শুনানি নিয়ে আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেয়।