চলমান ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের সঙ্গে কোনো সংযোগ নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক জুতা নির্মাতা কোম্পানি বাটা। সোমবার (৭ এপ্রিল) রাতে বাটার ভেরিফাইড ফেসবুক পেইজে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে দেশের বিভিন্ন স্থানে কোম্পানিটির কয়েকটি আউটলেটে হামলার ঘটনার প্রেক্ষিতে এমন বিবৃতি দেওয়া হয়।
ক্রেতাদের উদ্দেশ্যে দেওয়া একটি বিবৃতিতে বাটার পক্ষ থেকে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে— বাটাকে ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। যেখানে বলা হচ্ছে, প্রতিষ্ঠানটি ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতে জড়িত।
তবে কোম্পানিটি জানায়, বাটা গ্লোবালি একটি বেসরকারিভাবে মালিকানাধীন পারিবারিক প্রতিষ্ঠান, যা চেক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সংঘাতের সঙ্গে এর কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। এটি অত্যন্ত দুঃখজনক যে, এই ভ্রান্ত ধারণার ফলে বাংলাদেশে আমাদের কিছু আউটলেট সম্প্রতি ভাঙচুরের শিকার হয়েছে।
এ ধরনের সহিংসতাকে নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, বাটা ১৯৬২ সাল থেকে বাংলাদেশে সেবা প্রদান করে আসছে এবং সর্বদা গুণগত মান ও সব সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ।