লা লিগা প্রেসিডেন্টকে আর সহ্য করবে না বার্সা, কমিটি থেকে নাম প্রত্যাহার

লা লিগা কর্তৃপক্ষের প্রতি দীর্ঘদিনের অসন্তোষ অবশেষে বিস্ফোরিত হলো বার্সেলোনার বিবৃতিতে। ক্লাবটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে—তারা আর সহ্য করবে না। লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের প্রকাশ্য মন্তব্য ও আর্থিক তথ্য ফাঁসের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে বার্সা। একই সঙ্গে ডেলিগেটেড কমিটি থেকে নিজেদের প্রত্যাহার করার ঘোষণাও দিয়েছে তারা।

গত ২ এপ্রিল, বার্সেলোনার ভিআইপি লাউঞ্জ বিষয়ক আর্থিক কর্মকাণ্ড নিয়ে লা লিগা এক বিবৃতি প্রকাশ করে। বার্সার দাবি, ক্লাবের আর্থিক তথ্য এইভাবে প্রকাশ করা হয়েছে তাদের অনুমতি ছাড়াই। ক্লাব প্রেসিডেন্ট হোয়ন লাপোর্তা নেতৃত্বাধীন বোর্ড একে ‘অপেশাদার ও অনুচিত আচরণ’ হিসেবে অভিহিত করেছে।

বার্সেলোনা জানিয়েছে, 'লা লিগা কর্তৃপক্ষ আমাদের অনুমতি না নিয়েই যে তথ্য প্রকাশ করেছে, তা স্পষ্টভাবে তাদের দায়িত্বের লঙ্ঘন এবং লিগের বাজেট সংক্রান্ত ৫ নম্বর ধারার লঙ্ঘন।' ক্লাবের দাবি, এই বিবৃতির পর থেকেই মিডিয়ায় তাদের ও প্রেসিডেন্টের বিরুদ্ধে শুরু হয়েছে পরিকল্পিত ‘অপপ্রচার’।

এতেই ক্ষোভে ফেটে পড়েছে কাতালান জায়ান্টরা। বিবৃতিতে উল্লেখ করা হয়, 'লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস যেভাবে পাবলো ভিক্টর ও দানি ওলমোর বৈধ নিবন্ধন নিয়ে মন্তব্য করেছেন, তা কেবল বিভ্রান্তিকরই নয়, বরং একটি প্রতিষ্ঠিত ক্লাবকে অস্থিতিশীল করার প্রয়াস।'

বার্সা আরও বলেছে, 'তেবাস তার ব্যক্তিগত ব্যাখ্যা দিয়ে ক্লাবের আর্থিক অবস্থা নিয়ে যেসব মন্তব্য করেছেন, তা আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি যে বারবার খেলোয়াড়দের নিবন্ধন বাতিলের হুমকি দিচ্ছেন, তা চরম অনৈতিক।'

এই অবস্থান থেকে ক্লাব বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

লা লিগাকে আর্থিক তথ্য বা ক্লাব-সম্পর্কিত কোনো উদ্যোগ জনসমক্ষে প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। ২ এপ্রিলের সেই বিবৃতি অবিলম্বে ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।

পাশাপাশি তারা লাস পালমাস ও সেল্তা ভিগোকেও জানিয়েছে, যে যৌথ প্রার্থীতা দিয়ে তারা ডেলিগেট কমিটিতে ছিল, এখন আর তারা তার অংশ নয়।

বার্সেলোনা শেষ পর্যন্ত স্পষ্ট করে বলেছে—যদি প্রয়োজন হয়, তারা আইনি পদক্ষেপ নিতেও পিছপা হবে না। ক্লাব বলেছে, 'আমরা আশা করি, লা লিগা ভবিষ্যতে কোনো একপেশে ও পক্ষপাতদুষ্ট বিবৃতি দিয়ে বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করবে না।'

লা লিগা ও বার্সেলোনার এই দ্বন্দ্ব স্প্যানিশ ফুটবলে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এ লড়াই কেবল মাঠে নয়, মাঠের বাইরের যুদ্ধও যেন দিনে দিনে তীব্র হয়ে উঠছে।