আন্তর্জাতিক এটমস্কীলস চ্যাম্পিয়নশিপে ৫ বাংলাদেশির সাফল্য

রাশিয়ার একাতেরিনবুর্গে অনুষ্ঠিত আন্তর্জাতিক এটমস্কীলস ২০২৫ চ্যাম্পিয়নশিপে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছেন পাঁচজন বাংলাদেশি পেশাদার। বিশ্বের ১১টি দেশের দুই হাজারেরও বেশি পেশাদার ও শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশিদের এই অর্জন বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

এবারের প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশ, চীন, তুরস্ক, মিশর, দক্ষিণ আফ্রিকা, উজবেকিস্তান, বেলারুশ, ইন্দোনেশিয়া, ভারত, কাজাখস্থান এবং আয়োজক দেশ রাশিয়া। মোট ৪৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ থেকে বিজয়ীদের মধ্যে ওয়েল্ডিং ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল খালেক ও তার দল। একই ক্যাটাগরিতে ব্যক্তিগতভাবে রানার আপ হয়েছেন আব্দুল সাত্তার। এছাড়া কংক্রিট কন্সট্রাকশন ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেছেন সালাউদ্দীন মো. নাজমুল হুদা, আলী কাওসার এবং আহমেদ রবিন।

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের মহাপরিচালক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বলেন, ‘আপনারা নিজ নিজ দেশের প্রযুক্তি ক্ষেত্রে এলিট এবং আপনাদের নিয়ে আমরা গর্বিত। এ বছর রুশ পারমাণবিক শিল্পের জন্য একটি মাইলফলক, কারণ আট দশক আগে এই শিল্পের ভিত্তি স্থাপিত হয়েছিল।’

সেভেরদভস্ক অঞ্চলের একটিং গভর্নর ডেনিস পাসলার বলেন, ‘এই চ্যাম্পিয়নশিপ শিল্পের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি উন্নয়নে অবদান রাখা পেশাদারদের সম্মান জানায়। এটমস্কীলস তরুণদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধির সুযোগ তৈরি করে।’

পাঁচদিনব্যাপী এই প্রতিযোগিতায় রসাটমের ১৬টি ডিভিশন ও কোম্পানি ছাড়াও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৭০টি বিশ্ববিদ্যালয় ও কলেজ অংশগ্রহণ করে।

প্রথাগত পেশাভিত্তিক ক্যাটাগরিগুলোর পাশাপাশি এবার নতুনভাবে দুটি ক্যাটাগরি যুক্ত হয়। চ্যাম্পিয়নশিপে চারটি মূল থিম—ক্যারিয়ার গাইডেন্স, পেডাগোজি, এইচআর ও প্যারেন্টিং—ভিত্তিতে কনফারেন্স, ফোরাম, ওয়ার্কশপ, লেকচার ও প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়।

এছাড়াও প্রতিযোগিতায় পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু উদ্ভাবনী উপাদান যুক্ত করা হয়, যার মধ্যে অন্যতম ছিল ওয়েল্ডিং প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। এবারে প্রথমবারের মতো থিম-ভিত্তিক একাধিক প্রদর্শনীর আয়োজনও করা হয়।