লুটপাট গর্হিত অপরাধ, শনিবার ঢাকায় বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান আজহারীর

বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। মঙ্গলবার (৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

 তিনি পোস্টে লেখেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। এরা যেকোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়। কোন একটি স্মার্ট মুভকে মূহুর্তেই পন্ড করে দেয়। মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। মুমিনের আচরণ কখনোই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত।

এর আগে সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় শনিবার (১২ এপ্রিল) ঢাকায় বিক্ষোভের ঘোষণা দেন তিনি।

ভিডিও বার্তায় আজহারী বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, আগামী শনিবার (১২ এপ্রিল) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।

তিনি আরও বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে, দল, মত, জাতি, পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।