বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইমামকে সোমবার রাতে বরিশাল থেকে আশুলিয়ায় আনার পর মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাদী আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
তিনি জানান, ওই কমেন্ট নিয়ে দলের নেতা–কর্মীদের মাঝে ক্ষোভ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এ কারণে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।