ইলিশের বাড়ি ভোলা, বিভাগ বরিশাল: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের বাড়ি ভোলা, আর ইলিশের বিভাগ বরিশাল। দেশের মোট ইলিশের ৬৫.৮৮ শতাংশ উৎপাদন হয় বরিশাল বিভাগে।

তিনি বলেন, আমরা জাটকা সংরক্ষণের জন্য ৩০ জুন পর্যন্ত বিশেষ কার্যক্রম চালাচ্ছি। এ সময় যারা সফলভাবে জাটকা রক্ষা করবে, তাদের স্বীকৃতি দেওয়া হবে।

মঙ্গলবার বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্কে ইলিশের জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত জেলে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরে তিনি কীর্তনখোলা নদীতে জেলেদের নিয়ে একটি বর্ণাঢ্য নৌ র‌্যালিতে অংশ নেন।

ফরিদা আখতার জেলেদের উদ্দেশে বলেন, ইলিশের মালিক আপনারা। আপনারা যদি নিশ্চয়তা দেন জাটকা ধরা হবে না, তবে ইলিশে ভরে উঠবে নদী। জাটকা বড় হতে দিন, তাহলেই আমাদের ভবিষ্যত নিরাপদ।

তিনি জানান, জেলেদের দাদন ব্যবসার হাত থেকে রক্ষা করতে একটি ‘মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক’ স্থাপনের জন্য ইতিমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রস্তাব পাঠানো হয়েছে।

সমাবেশে বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার জেলেদের পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার জন্য ভাসমান স্বাস্থ্যকেন্দ্র ও নৌ অ্যাম্বুলেন্স চালুর দাবি জানান। তিনি বলেন, অতীতে জেলেদের সঠিক তালিকা প্রণয়ন হয়নি, যা সংশোধনের উদ্যোগ প্রয়োজন।

জেলে সমাবেশে মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন ও ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নেতারা একাধিক দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— বেহুন্দি ও পাইজালসহ অবৈধ জালের উৎপাদন বন্ধ, সর্বাধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র চালু, দ্রুত মৎস্য ব্যাংক স্থাপন, বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়ন, মৎস্যজীবীদের জন্য বীমা চালু, ও চাল বিতরণে অনিয়ম রোধ।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব তোফাজ্জল হোসেন, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বরিশাল রেঞ্জ ডিআইজি মনজুর মোরশেদ আলম, কোস্ট গার্ড দক্ষিণ জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, পুলিশ সুপার শরীফ উদ্দিন, আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম, ও মৎস্যজীবী সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত প্রমুখ।