রাজধানীর ফার্মগেট এলাকায় ‘চিকেন জুস’-এর নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মো. আনোয়ারুজ্জামান আনোয়ার এই আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আনোয়ার বলেন, ‘বিগত সরকারের আমলে ব্যবসা পরিচালনায় নানা প্রতিবন্ধকতা ছিল। মানুষের নাগালের বাইরে ছিল খাদ্যপণ্যের দাম। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় হতো এবং ক্রয়মূল্য ছিল বেশি। বিএনপি জনমানুষের পক্ষে কথা বলে এবং ভবিষ্যতে ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনমান ও ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘চিকেন জুস সাধারণ মানুষের কথা ভেবে কাজ করছে। তারা কম লাভে ভালো মানের খাবার সরবরাহ করছে—এটাই হওয়া উচিত প্রতিটি খাদ্য উদ্যোক্তার মূল লক্ষ্য। এই ধরনের উদ্যোগই দেশের অর্থনীতি ও ভোক্তাদের জন্য সহায়ক হতে পারে।’
চিকেন জুস
চিকেন জুস মূলত একটি জুসবার ও ফাস্টফুডের আউটলেট। যেখানে দেশি-বিদেশি নানা রকম ফল দিয়ে তৈরি পিওর জুস এবং স্বাস্থ্যকর ফাস্টফুড সরবরাহ করা হয়। আউটলেটটির অন্যতম বিশেষত্ব তাদের নিজস্ব 'চিকেন জুস' নামের সিগনেচার আইটেম, যা মধু সঙ্গে বাদাম ও দুধ-মালাইয়ের সংমিশ্রণে তৈরি।
তাদের জুস মেন্যুতে আরও রয়েছে প্রায় ৪০ প্রকারের ভিন্নস্বাদের জুস, যার মধ্যে রয়েছে কালোজিরা মিল্কশেক, পেস্তা বাদাম মিল্কশেক, এভোকাডো মিল্কশেক, কিউই, বেদানা, জাম, আমের জুস, কোল্ড কফি এবং চকোলেট মিল্কশেক।
চিকেন জুসের ফাস্টফুড মেন্যুতে পাওয়া যাবে আস্ত চিকেন ফ্রাই, চিকেন উইংস, চিকেন ও ফিশ বার্গার, মমো, চাওমিন, ফ্রেঞ্চ ফ্রাই, পটেটো ওয়েজেস, ওয়েস্টার ও বাটন মাশরুম ফ্রাই এবং ফ্রাইড রাইসসহ বিভিন্ন ধরনের ফাস্টফুডের খাবার।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—চিকেন জুসের চেয়ারম্যান শরিফা আক্তার, ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান ভূঁইয়াসহ প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ভবিষ্যতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চিকেন জুসের আরও শাখা চালুর পরিকল্পনা রয়েছে জানিয়ে চিকেন প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান ভূঁইয়া বলেন, ‘আমরা বিশ্বাস করি— মানুষ ভালো খাবার চায়, কিন্তু সেই খাবার যেন তাদের সাধ্যের মধ্যে হয়। তাই আমাদের লক্ষ্য হচ্ছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত ও ভেজালমুক্ত খাবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।’
এই নতুন আউটলেটটি ফার্মগেট, গ্রীণ রোড, পান্থপথসহ আশপাশের এলাকার ভোজনরসিকদের জন্য একটি নতুন গন্তব্য হয়ে উঠবে বলেও আশা করা হচ্ছে।