বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার জন্য সে দেশের আন্ডার সেক্রেটারি অব স্টেট (আন্তর্জাতিক বাণিজ্য) জার্নো সিরজালাকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টার সঙ্গে আজ দুপুরে সচিবালয়ে তার অফিসকক্ষে ফিনল্যান্ড সরকারের এ উচ্চ প্রতিনিধি সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন।
বৈঠকে দুদেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, দূতাবাস চালু, রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, ফিনল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের চলমান বিভিন্ন সংস্কার প্রক্রিয়ায় দেশটি সহযোগিতা করতে পারে। তাছাড়া দেশটিতে বাংলাদেশ থেকে আরও বেশি হারে দক্ষ ও শিক্ষিত জনশক্তি রপ্তানি করা প্রয়োজন। এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে জার্নো সিরজালা বলেন, ফিনল্যান্ডে প্রায় ৬ হাজার বাংলাদেশী অভিবাসী রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক হচ্ছে শিক্ষার্থী। যারা দেশটির আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফিনল্যান্ডের সরাসরি দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া জটিল ও দীর্ঘসূত্রিতা হচ্ছে। বর্তমানে ফিনল্যান্ড ভারতের নয়াদিল্লিতে অবস্থিত দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীর করার জন্য ঢাকায় ফিনল্যান্ডের একটি দূতাবাস খোলা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এ ব্যাপারে একমত পোষণ করে জার্নো সিরজালা। তিনি বিষয়টি সে দেশের সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নাগরিক। মানবিক কারণে বাংলাদেশ প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এখন সময় এসেছে তাদের নিজ দেশে প্রত্যাবাসনের। এ ব্যাপারে তিনি ফিনল্যান্ড সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা এ সময় বাংলাদেশ থেকে আরও অধিকহারে তৈরি পোশাক আমদানি ও বিনিয়োগের জন্য ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অব স্টেটকে আহ্বান জানান।
বৈঠকে ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউনিট ফর সাউথ এশিয়া এন্ড সাউথিস্ট এশিয়ার ডিরেক্টর ভেইক্কো কিলিউনেন, সাউথ এশিয়ার টিম লিডার ভিলে আন্দেরসন, ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত (দিল্লি ভিত্তিক) কিম্মো লাহদেভির্তাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।