লামায় ফের ৯ জন অপহরণ

বান্দরবান জেলার লামা উপজেলায় দুই তামাক চাষি ও সাত শ্রমিকসহ ৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গতকাল মঙ্গলবার   ভোরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লুলাইং এলাকার তামাক চাষি আল আমিন ও ভুট্টোর খামার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়। তাৎক্ষণিকভাবে অপহৃত তামাক শ্রমিকদের নাম পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন।

তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে  সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম উদ্ধার অভিযানে নেমেছেন। মুক্তিপণের দাবিতে এই অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, লামা সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক  ক্ষেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। পরে রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাক করে তাদের নিয়ে যায়। এলাকাটি নেটওয়ার্ক বিহীন হওয়ার       সকালে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে ১ ও ১৪ জানুয়ারি একই এলাকা থেকে দুই দফায় ১৪ জন তামাক শ্রমিককে অপহরণ করা হয়। এ ছাড়াও ১৬ ফেব্রুয়ারি  উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গয়ালমারা এলাকা থেকে আরও ২৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর মুক্তিপণ নিয়ে  ছেড়ে দেয় সন্ত্রাসীরা।

গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উশৈথোয়াই মার্মা জানান, একের পর এক অপহরণের কারণে দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারীদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ করছে ।