সরকারি কর্ম কমিশন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল ৩০ জুনের মধ্যে

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুনের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোবাশ্বের মোনেম। গতকাল মঙ্গলবার  পিএসসির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

পিএসসি চেয়ারম্যান বলেন, আমরা ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছি। ভাইভা আগামী ১৭ জুনের মধ্যে শেষ করা হবে। এরপর দ্রুত ফল প্রস্তুতের কাজ শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, পিএসসি এখন একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং স্বচ্ছ প্রতিষ্ঠান। আমরা সময়ের গুরুত্ব বুঝে কাজ করছি। প্রার্থীদের অপেক্ষা যেন দীর্ঘ না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছি।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট ১,৭১০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। শাখাওয়ারি কর্মকর্তা হবে : প্রশাসন ক্যাডার ২৫০, পুলিশ ক্যাডার ৫০, পররাষ্ট্র ক্যাডার ১০, আনসার ক্যাডার ১৪, নিরীক্ষা ও হিসাব ক্যাডার ৩০, কর ক্যাডার ১১, সমবায় ক্যাডার ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক ক্যাডার ৭, তথ্য ক্যাডার ১০, ডাক ক্যাডার ২৩, বাণিজ্য ক্যাডার ৬, পরিবার পরিকল্পনা ক্যাডার ২৭, খাদ্য ক্যাডার ৩, টেকনিক্যাল ক্যাডার ৪৮৫ ও শিক্ষা ক্যাডার ৭৭৬ জন।