ইট মেরে ভাগ্নেকে হত্যার অভিযোগ মামার বিরুদ্ধে

মাথায় ইট দিয়ে ভাগ্নেকে হত্যার অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। নিহত ভাগ্নের নাম সুমন গাজী (৪৫)। গতকাল মঙ্গলবার রাজধানীর মেরাদিয়ার মধ্যপাড়া মসজিদ গলিতে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত মামা গোলাম মোস্তফাসহ তার দুই ছেলে হৃদয় ও বিপ্লবকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ।

হত্যাকাণ্ড ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন। তিনি বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা ও হত্যাচেষ্টা মামলা হয়েছে। অভিযুক্ত তিন আসামি গ্রেপ্তার আছেন।’

নিহত সুমনের বড় ভাই মো. আলমগীর হোসেন বলেন, ‘তারা মেরাদিয়া মসজিদ গলির মুক্তারের বাড়িতে থাকেন। একই গলিতে পরিবার নিয়ে থাকেন তার মামা মোস্তফা। সকালে মামার বাড়ির সামনে সুমনের সঙ্গে মামার হাতাহাতি হয়। একপর্যায়ে মামা, তার দুই ছেলে, মেয়ে ও স্ত্রী মিলে সুমনকে ঘরে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে গলির মসজিদের পাশে ফেলে রেখে যান। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’