বাটা-ডমিনো’স-কেএফসিতে ভাঙচুর

খুলনায় ২ হাজার ৯০০ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় বাটা, ডমিনো’স ও কেএফসিতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে (০৮ এপ্রিল) নগরীর সোনাডাঙ্গা মডেল থানায় দায়ের হওয়া মামলায় অজ্ঞাত প্রায় ২ হাজার ৯০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে সোমবার (৭ এপ্রিল) রাতে আটক ৩১ জনকে তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ম্যানেজার তৌহিদুল ইসলামের দায়ের করা মামলায় ১২০০-১৩০০ জন, কেএফসি ম্যানেজার সুজন মণ্ডলের মামলায় ৭০০-৮০০ জন এবং ডোমিনো’স পিৎজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরও ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। 

তিনি জানান, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা, একাধিক গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। 

উল্লেখ্য, সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ইসরাইলবিরোধী বিক্ষোভ থেকে একদল সুযোগসন্ধানী মানুষ কেএফসি, বাটা ও ডমিনো’স পিৎজার শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।