খুলনা নগরীতে কেএফসি ফুড কোর্ট ও বাটা শোরুমে হামলা ও লুটপাটের ঘটনায় নতুন করে আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৩৬ জনে।
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে গত রবিবার বৈশ্বিক হরতালের সমর্থনে খুলনা মহানগরীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় বিক্ষোভ চলাকালে দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউয়ের কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুমে হামলা চালায়। তারা দুটি প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে কেএফসির আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী এবং বাটার জুতা ও অন্যান্য সামগ্রী লুট করে নিয়ে যায়।
ঘটনার পর থেকেই নগরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু করে। প্রথম দিনেই ৩১ জনকে আটক করা হয়। এরপর সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে গতকাল রাতে আরও ৫ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।
নতুন করে গ্রেপ্তারদেরন কাছ থেকে বাটার লুট হওয়া ৫ জোড়া জুতা এবং একটি লেডিস ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলা ও লুটপাটে জড়িত বাকি ব্যক্তিদের সনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।