চ্যাম্পিয়নস লিগে ১৯ বছর পর আর্সেনালের মুখোমুখি হয়ে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। গতকাল মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচটি ৩-০ গোলে হেরেছেন কিলিয়ান এমবাপ্পেরা। তবে রিয়াল বহুবার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে। ম্যাচ শেষে সবার উদ্দেশ্যে সেই বার্তাটাই দিলেন এমবাপ্পে।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটা ছবি শেয়ার করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে ফরাসি তারকা লিখেছেন, ‘আপনাকে শেষ পর্যন্ত বিশ্বাস রাখতে হবে।’ ২৬ বছর বয়সী এমবাপ্পে আগামী সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে অবশ্যই বড় প্রভাব ফেলতে চাইবেন। স্পেনের অভিষেক মৌসুমে এই স্ট্রাইকার ইতিমধ্যেই ৩২টি গোল করে ফেলেছেন।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য বাস্তববাদী। ৩ গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয় লেগে সমতা ফেরানো যে কঠিন মেনে নিয়েছেন তিনি, ‘এই হারের সব দায় আমার। এটা আশা করিনি। তবে আমরা ৬০ মিনিট ভালো খেলেছি। এগিয়েও যেতে পারতাম। কিন্তু সেট পিসে দুটি গোল হজমের পর দল মানসিক ও শারীরিকভাবে ভুগতে থাকে।’
আনচেলত্তি আরও বলেছেন, ‘কেউ ধারণা করেনি রাইস ফ্রি কিক থেকে দুই গোল করবে। কিন্তু সে করেছে। ফুটবলে যে কোনো কিছু ঘটতে পারে। অবশ্যই এমন হারের পর (পরবর্তী পর্বে) সুযোগ কম। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে। বার্নাব্যুতে আমরা ঘুরে দাঁড়াব।’