বাসা থেকে ১২ বছরের শিশুকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, আটক ১

নোয়াখালীর বেগমগঞ্জে বাসা থেকে তুলে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। 

আটক মো.আহসানুল কবির (৩৭) রংপুর জেলার সদর উপজেলার ঘাঘটপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, অভিযুক্ত কবির ঔষুধ কোম্পানিতে চাকরি করেন। তিনি উপজেলার চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগী শিশু মা-বাবার সাথে পাশ্ববর্তী ভাড়া বাসায় বসবাস করতেন।  ঘটনার সময় শিশুটির বাবা-মা ডিউটিতে ছিলেন। ঘর ঝাড়ু দেওয়ার সময় কবির তাকে জোরপূর্বক তার রুমে তুলে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে, আসামিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।  

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, অভিযুক্তকে যুবককে আটক করা হয়েছে। ভিকটিম ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।