পানিতে ডুবে মা ছেলেসহ ৩ জনের মৃত্যু 

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ও বালিয়া ইউনিয়নের পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে মা ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লালুর রহমান। 

হাসপাতাল ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন খাদিজা আক্তার (৩০) ও তার দুই সন্তান। সকাল ১০টার দিকে দুই ছেলেকে নিয়ে তিনি গোসল করতে নামেন বাড়ির পুকুরে। দুই ছেলে ও মা কেউই সাঁতার জানতেন না। এরমধ্যে বড় ছেলে ও ছোট ছেলে পানিতে তলিয়ে গেলে মা বড় ছেলেকে উদ্ধার করে। ছোট ছেলে আবু বকরকে উদ্ধার করতে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জালাল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত খাদিজা আক্তারের বোনের মেয়ে কুলসুমা জানায়, খাদিজা গতকাল বাবার বাড়িতে বেড়াতে এসেছে। তাদের মূল বাড়ি ফরিদপুর। স্বামী লোকমানসহ ঢাকায় থাকেন। আজকেই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল।

অপরদিকে, পার্শ্ববর্তী বালিয়া ইউনিয়নে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের লোকদের অগোচরে পুকুরের পানিতে নেমে ডুবে যায় শিশু মাকসুদা (২)। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই শিশুর বাবার নাম মো. ফজলুর রহমান। 

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে এসব মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।