বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) পারিশ্রমিক বিতর্ক উঠেছে। পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। এমনকি তারা বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচও বর্জনের হুমকি দিয়েছেন।
বুধবার মিরপুর একাডেমি মাঠে নির্ধারিত অনুশীলনে অংশ নেননি পারটেক্সের অধিনায়ক আলাউদ্দিন বাবু, অভিজ্ঞ মুক্তার আলিসহ দলের মূল ক্রিকেটাররা। অনুশীলনের বদলে তারা কেবল জিম সেশনেই অংশ নেন। পরে গণমাধ্যমের সামনে এসে মুক্তার বলেন, “আমরা অনেকদিন ধরে পারিশ্রমিকের জন্য চেষ্টা করছি, কিন্তু কোনো সাড়া পাচ্ছি না। তাই আজ অনুশীলন করিনি এবং সিদ্ধান্ত নিয়েছি, কাল ম্যাচও খেলব না।”
মুক্তার আরও জানান, পারিশ্রমিকের অঙ্ক এবার খুবই কম ছিল, সেটাও ঠিকভাবে দেওয়া হয়নি। “একজনের এক লাখ, কারো দশ হাজার—এমন নামমাত্র পারিশ্রমিকেও সবাই খেলছে। কিন্তু সেটা পর্যন্ত পরিশোধ করা হয়নি। কয়েকজন ৫০ শতাংশ পেয়েছে, বাকিরা ১০ বা ২০ ভাগ।”
এ নিয়ে বিসিবি সিইও, সিসিডিএম এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন ক্রিকেটাররা।
এদিকে পারটেক্স ক্লাবের কর্মকর্তা সাজ্জাদ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “গরমের কারণে তারা অনুশীলন করেনি। অনুশীলন বর্জন নয়। কাল তারা ম্যাচ খেলবে। আমরা ৬০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছি, বাকিটাও দ্রুত দেওয়া হবে।”
তবে পরিস্থিতি যে তলানিতে এসে ঠেকেছে তা স্পষ্ট। মাঠের পারফরম্যান্সেও বাজে সময় পার করছে পারটেক্স। চলমান ডিপিএলে ৯ ম্যাচে জয় মাত্র ২টি। ক্রিকেটারদের অভিযোগ, ক্লাব কর্তৃপক্ষ তৃতীয় বিভাগের নতুন কিছু ক্রিকেটার রেজিস্ট্রেশন করিয়ে খেলাতে চাইছে, যাতে বর্তমান ক্রিকেটারদের দাবিকে দুর্বল করা যায়।