ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডে আবাহনী-মোহামেডান জয় পেয়েছে। তারা পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে। শাইনপুকুরকে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। তবে তাদের বিপক্ষে শাইনপুকুরের পারফরম্যান্স নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪১ ওভারে ১৭৮ রান তুলতেই অলআউট হয়েছে গুলশান। লক্ষ্য তাড়ায় শাইনপুকুর গন্তব্যের প্রায় দ্বারপ্রান্তে ছিল। শেষ উইকেটে তাদের জয় পেতে প্রয়োজন ছিল ৭ রান। ঠিক তখনই অদ্ভুতভাবে আউট হয়ে যান টেলএন্ডার মিনহাজুল আবেদিন সাব্বির। ক্রিজ থেকে বেরিয়ে আসার পর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেওয়ার আগমুহূর্তে লাইনে ব্যাট ঢুকিয়েও বের করে নেন ব্যাটার । সেই আউটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
১৭৯ রান তাড়া করতে নেমে ৭৬ রানে ৫ উইকেট পতনের শাহরিয়ার শাকিবের ৫৪ বলে ৪০ রানের ইনিংসে শাইনপুকুর ঘুরে দাড়িয়েছিল। নিহাদুজ্জামানের ঘূর্ণিতে ১৪৪/৯ এ পরিণত হয় তারা। সেখান থেকে শরিফুল ইসলাম (২২*) নিয়ে মিনহাজুল সাব্বির জয়ের ৫ রানের মধ্যে নিয়ে এসেছিলেন দলকে। ঠিক তখনই সন্দেহজনক ওই আউটের ঘটনা ঘটে।
৪৪তম ওভারের প্রথম বলটি অভিজ্ঞ স্পিনার নাঈম ইসলাম ওয়াইড লাইনেরও বেশ বাইরে ফেলেছিলেন। স্বাভাবিকভাবে ওয়াইডের সংকেত দেন আম্পায়ারও। কিন্তু স্ট্রাইকে থাকা ব্যাটার সাব্বির এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বসেন। তবে আউট থেকে বাঁচতে ব্যাটটি পপিং ক্রিজে ঢুকিয়েও রহস্যজনকভাবে বাইরে এনে রাখেন তিনি। উইকেটকিপার আলিফ হাসান ইমন প্রথমে ভারসাম্য হারিয়ে স্টাম্প ভাঙতে পারেননি, পরে সাব্বিরের ব্যাট বাইরে দেখে দ্বিতীয় সুযোগ হাতছাড়া করেননি তিনি।
সাব্বিরের আউটের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটেজনরা বিষয়টি নিয়ে ‘ম্যাচ পাতানো’র সন্দেহপ্রকাশ করছেন।
সরাসরি না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে কোচ রাজিন সালেহ এবং ক্রিকেটার শামসুর রহমান শুভ। শামসুর রহমান আউটের ছবি দিয়ে লিখেছেন– ‘সিরিয়াসলি শেম।’ একইভাবে রাজিনও নিন্দা জানিয়েছেন নিজের ফেসবুক পোস্টে, ‘শেম ডিপিএল।’