ফিলিস্তিনির গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বিএনপি বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা র্যালি করবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার কথা বলে। মানবতার পক্ষে কাজ করে। তাই বিএনপি মানবতার পক্ষে আগামীকাল ঢাকার নয়াপল্টন থেকে র্যালি করবে।
আজ বুধবার (৯ এপ্রিল) নয়াপল্টনস্হ ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েল ইহুদিবাদীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোনও যুদ্ধ নয়; বরং তা মানবতাবিরোধী কাজ। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা সারা পৃথিবীর মানুষ মেনে নেয় নাই। আমাদের ও কাম্য নয়।
আমিনুল হক বলেন, ইসরেয়েলি ইহুদীবাদীদের নির্মমতা ও নিষ্ঠুরতা থেকে রেহাই পাচ্ছে না নারী,পুরুষ,শিশু,বৃদ্ধসহ বাড়িঘর ও বেসামরিক সকল স্থাপনা। এমনকি হাসপাতালও তাদের জিঘাংসা থেকে মুক্ত থাকেনি। আমরা এই নির্মমতা বর্বরতা নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, যারা আমাদের মুসলমান ভাইদের হত্যা করছে,আঘাত করছে, তাদের কোনও পণ্য আমরা ব্যবহার করতে পারি না। আমরা ইতিমধ্যেই ইসরায়েলি পণ্য বর্জন করেছি। তবে বর্জনের নামে যারা ভাঙচুর ও লুটতরাজ করছে এটাকে কোনও অবস্থাতেই সমর্থন করা যাবে না। ভাঙচুর ও বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অন্তর্বর্তী সরকারের ভেতরে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে অভিযোগ এনে তিনি বলেন, বিএনপি বাংলাদেশে একটি সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। মানবিকতার পক্ষে আমাদের যে অবস্থান সেটাকে আরও সুদূর করার লক্ষ্যে আমাদের ঐকবদ্ধ হতে হবে।
যৌথসভায় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তর), আতাউর রহমান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মো. ইউসুফ, তুহিরুল ইসলাম তুহিন, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।
এ ছাড়া সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল সদস্যবৃন্দ এবং ২৬টি থানা ৭১টি ওয়ার্ড ও সকল ইউনিট বিএনপির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।