খুলনায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার নগরীর লবণচরা থানাধীন বান্দা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন লবণচরা বউবাজার এলাকার রিয়াজের ছেলে ইজিবাইক চালক অনিক (১৮), মাদরাসা রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে সোহেল (৩০), রূপসা বাসস্ট্যান্ড এলাকার মানিক হাওলাদারের ছেলে সজল (২১), শিপইয়ার্ড কলোনির আজিজের স্ত্রী রুপা (২৫) ও একই কলোনির মোমেনা (৫০)। তারা সবাই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, লবণচরা থানধীন পাকার মাথায় দুপুরে ইজিবাইক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানে ড্রাইভারসহ ইজিবাইকের ৫ জন যাত্রী গুরুতর আহত হন।
এ প্রসঙ্গে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে পিকআপ ও ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।