ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রাইভেট পড়ে ফেরার পথে সোমবার বাসের ধাক্কায় নুসরাত জাহান তন্নী (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়। এ ঘটনায় সোমবার ও মঙ্গলবার দফায় দফায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অবরোধ ও দাবির মুখে উপজেলার মাইজবাগ ইউনিয়নের হারুয়া বাজার সংলগ্ন ঝুঁকিপূর্ণ স্থানে একটি স্পিড ব্রেকার স্থাপনের আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. এরশাদুল আহমেদ। পরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুরে সড়ক ও জনপথ অধিদপ্তরের বাস্তবায়নে ঝুঁকিপূর্ণ ওই স্থানে একটি স্পিড ব্রেকার স্থাপন করে দেওয়া হয়। স্পিড ব্রেকারের উদ্বোধন করেন ইউএনও এরশাদুল আহমেদ।
এ ব্যাপারে ইউএনও বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী তন্নী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সোমবার ও মঙ্গলবার মহাসড়ক অবরোধ করে। এলাকাবাসী ঝুঁকিপূর্ণ স্থানে দ্রুত স্পিড ব্রেকার দেওয়ার দাবি জানান। আমার আশ্বাসে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলি। ফলশ্রুতিত বুধবার দুপুরে ঝুঁকিপূর্ণ জায়গাটিতে স্পিড ব্রেকার স্থাপন করে দেওয়া হয়েছে।