মেটার নতুন এআই লামা-৪

বর্তমানে এআই কত দূর পৌঁছে গেছে তা নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। কর্মী জায়গা তো বটেই, সঙ্গীর বিকল্প হয়েছে এআই। এআই দিয়ে করা যায় না এমন কাজ কমই আছে। আপনার কল্পনায় যা আছে তা এআইকে জানালে সেই মতো ছবি বানিয়ে দেবে নিমিষেই।

মাইক্রোসফটের পর গুগল এআই চ্যাটবট এনেছে বাজারে। এবার মেটা নতুন এআই নিয়ে এলো তার ব্যবহারকারীদের জন্য। চ্যাটজিপিটি এবং জিমিনকে টেক্কা দিতেই এই নতুন প্ল্যাটফর্ম নিয়ে হাজির মার্ক জাকারবার্গ।

মেটা সম্প্রতি চালু করেছে তাদের নতুন এআই মডেল লামা ৪। এই মডেল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং ওয়েবে মেটা এআই সহকারীকে শক্তিশালী করছে। লামা ৪ এই নতুন মডেলে কী কী থাকছে।

মেটা লামা ৪ মডেল সিরিজের দুটি সংস্করণ চালু করেছে, যার মধ্যে রয়েছে লামা ৪ স্কাউট এবং লামা ৪ ম্যাভেরিক। এই দুটি সংস্করণই মেটার ওয়েবসাইট এবং হাগিং ফেস থেকে ডাউনলোড করা যাবে। এই মডেলগুলো চীনা এআই স্টার্টআপ ডিপসিক দ্বারা অনুপ্রাণিত এবং মিক্সচার অব এক্সপার্টস নামক একটি মেশিন লার্নিং প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি।

লামা ৪ স্কাউট : এটি একটি হাল্কা এবং কমপ্যাক্ট মডেল। একটি একক এনভিডিয়া এইচ১০০ জিপিইউতেও সহজেই কাজ করতে পারে এই মডেল।

লামা ৪ ম্যাভেরিক : এটি একটি শক্তিশালী এবং উন্নত মডেল, যা ওপেনএআই জিপিটি-৪ও এবং গুগল জেমিনি ২.০ ফ্ল্যাশের মতো প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করার জন্য ডিজাইন করা হয়েছে।

লামা ৪ একটি মাল্টিমডাল। টেক্সট, ছবি এবং ভিডিও ডেটা বুঝতে এবং প্রক্রিয়া করতে পারে। এই মডেলটি টেক্সট এবং ভিজ্যুয়াল উভয় বিষয়বস্তুর সঙ্গেই ইন্টারঅ্যাক্ট করতে পারে।

মেটা কোম্পানি বর্তমানে আরেকটি শক্তিশালী মডেল লামা ৪ বেহেমথের ওপর কাজ করছে। মার্ক জাকারবার্গ এটিকে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বেস মডেল হিসেবে বর্ণনা করেছেন। কোম্পানির দাবি, এটা হবে সবচেয়ে স্মার্ট এলএলএমগুলোর মধ্যে একটি। 

মেটার এই নতুন এআই মডেলটি প্রযুক্তিগতভাবে উন্নত এবং আগামী সময়ে এআই সেক্টরে পরিবর্তন আনতে পারে। লামা ৪ এখন মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে আরও ভালো এবং দ্রুত পরিষেবা

প্রদান করবে। এভাবে এআই প্রযুক্তি ভবিষ্যৎকে ভিন্নভাবে দেখায়।