ফায়ার সার্ভিসের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গতকাল বুধবার সকাল ৯টায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঢাকার মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে কেক কাটার মাধ্যমে এই আয়োজনের সূচনা করেন। এ সময় অধিদপ্তরের পরিচালকরাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ জোহর সকল ফায়ার স্টেশনসহ ফায়ার সার্ভিসের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে দুপুরে বিভাগীয় অফিস, জেলা অফিস ও ফায়ার স্টেশনে প্রীতিভোজের আয়োজন করা হয়।

এক বার্তায় অধিদপ্তরের মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে পূর্বের ন্যায় সবাইকে নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম বৃদ্ধিতে সচেষ্ট থাকার শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করেছেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৯ এপ্রিল ফায়ার সার্ভিস পরিদপ্তর, সিভিল ডিফেন্স পরিদপ্তর এবং সড়ক ও জনপথের রেসকিউ ইউনিটকে একীভূত করে প্রতিষ্ঠা করা হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বিজ্ঞপ্তি