সাফারি পার্কে রিজওয়ানা

দুর্লভ প্রাণীগুলো কীভাবে চুরি হলো খুঁজে বের করা হবে

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্ক গাজীপুর থেকে একের পর এক লেমুরের মতো দুর্লভ প্রাণীর চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

গতকাল বুধবার দুপুরে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন শেষে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি পার্কের কোর সাফারি, আফ্রিকান সাফারি, পাখিশালা, হাতিশালা ও চুরি যাওয়া আফ্রিকান প্রাণী রিংটেইল লেমুর বেষ্টনী ঘুরে দেখেন। এরপর তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের উপদেষ্টা বলেন, এভাবে দুর্লভ প্রাণীগুলো কিভাবে চুরি হলো এটি খোঁজে বের করতে হবে। আমি মনে করি, এখানে যারা দায়িত্বে আছেন, নিরাপত্তার দায়িত্বে আছেন, ঘটনার আগে ও পরে তাদের ভূমিকা দেখতে হবে। একই ঘটনা যখন ঘটছে, তখন কেন এসব স্থান সিসিটিভির আওতায় আনা হয়নি, সিসি ক্যামেরা কেন কাজ করেনি? এসব বিষয়ে প্রশ্ন তুলেন উপদেষ্টা। তিনি বলেন, আপনি যখন ঘটনার ১৪দিন পর মামলা করবেন তখন তো আর এসব হারিয়ে যাওয়া প্রাণী ফিরে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। এ ছাড়াও আজ একটি বিষয় প্রমাণিত একটি সংঙ্গবদ্ধ চক্র আছে যারা বাংলাদেশকে বন্যপ্রাণী পাচারের রোড হিসেবে ব্যবহার করেন।