বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নির্বাচন হবে। নির্বাচন ঠেকানোর মতো সাহস কারও নেই। তবে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এটা এখন আমরা দাবি করছি। কিন্তু আমরা প্রমাণ করে ছাড়ব ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে।’
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় দুদু এ কথা বলেন।
শেখ মুজিবুর রহমানকে দ্বিতীয়বার হত্যা করেছে আওয়ামী লীগ মন্তব্য করে দুদু বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শেখ হাসিনা ওবায়দুল কাদের বলত সাহস থাকলে বাংলাদেশে আসেন। কিন্তু আপনারা তো পালিয়ে গেলেন। এভাবে কেউ পালায়? আপনাদের সাহস থাকলে দেশে আসেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে দুদু বলেন, ‘আপনাদের আমরা সমর্থন করি। আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। এই শ্রদ্ধা ভালোবাসা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। বিএনপি রাস্তায় নামলে কী হবে শেখ হাসিনার দিকে তাকান। বাংলাদেশকে কীভাবে এগিয়ে নিতে হয়, কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, তা দেখিয়েছেন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়াকে কেউ মানতে চায়নি কিন্তু তিনি নব্বইয়ের গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারকে পতন করেছেন। খালেদা জিয়া ’৯১ এ সরকার গঠন করে।’