বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালীর সাবেক এমপি মোরশেদ আলমকে ধানম-ি এলাকায় কিশোর মো. শামীম হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা উভয়পক্ষের শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের উপপরিদর্শক শাহীন মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান-২ নিজ বাসা থেকে মোরশেদ আলমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ধানমণ্ডি ৩২ নাম্বারের হোটেল চিলিসের সামনে আন্দোলনে মো. শামীম আগুনে দগ্ধ হন। ৬ আগস্ট সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত ৩ অক্টোবর ভিকটিমের মা জাহানারা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনকে আসামি করে ধানম-ি থানায় এ মামলাটি করেন।
মোরশেদ আলম বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিরও চেয়ারম্যান। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন, পরে একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনেও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।