আমু-সালমান-মেনন-দীপু মনিসহ ১০ জন নতুন মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনকালে বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য আমির হোসেন আমু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ ১০ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক উভয় পক্ষের শুনানি  শেষে তদন্ত কমকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গ্রেপ্তার দেখান।

গ্রেপ্তার দেখানো আসামির মধ্যে অন্যরা হলেন, ওয়ার্কার্স পার্টি সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক এমপি হাজী সেলিম, সাদেক খান, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক আইজিপি শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ই-কর্মার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সার।

আদালত সূত্রে জানা গেছে, যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় আমির হোসেন আমু, সালমান এফ রহমান, ডা. দীপু মনি, শহীদুল হক, হাজী সেলিম ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে; শাহবাগ থানার মনির হোসেন হত্যা মামলায় রাশেদ খান মেননকে; ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় আব্দুল্লাহ আল জ্যাকব, মোহাম্মদপুর থানার মামলায় সাদেক খান, উত্তরা পূর্ব থানার জুবায়ের ইউসুফ হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ২১ জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। এ সময় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান সাজেদুর। এ ঘটনায় ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়। সালমান এফ রহমানসহ ছয় জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

টঙ্গী সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফ হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো শুনানি শেষে সাবেক আইজিপি শহীদুল হক হাজতখানায়  নেওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, কারাগারে ভালো নেই আপনাদের মধ্যমে দেশবাসীর নিকট দোয়া চাচ্ছি।