সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। ঘরের মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে তারা ৪-০ গোলে হারিয়ে দিয়েছে। গোল করেছেন বার্সেলোনার আক্রমণভাগের তিন তারকা রবার্ট লেভানডফস্কি, রাফিনহা এবং লামিনে ইয়ামাল।
বুধবার রাতের ম্যাচটির শুরু থেকেই আক্রমণে ছিল বার্সা। প্রথম সাত মিনিটে তিনটি দারুণ সুযোগ তৈরি করে তারা। শেষ পর্যন্ত ২৫তম মিনিটে পাউ কুবার্সির শট থেকে বল পেয়ে কাতালান ক্লাবটিকে এগিয়ে দেন রাফিনহা। চলতি আসরে বার্সেলোনা ফরোয়ার্ডের এটি ১২তম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ইয়ামালের ক্রসে রাফিনহার হেড থেকে বল পেয়ে জালে পাঠিয়ে দেন লেভানডফস্কি।
৬৬ তম মিনিটে ফেরমিন লোপেজের থেকে বল পেয়ে গতিময় শটে নিজের দ্বিতীয় গোলটি করেন রবার্ট লেভানডফস্কি। চলতি আসরে এটি লেভানডফস্কির ১১তম গোল। প্রতি আক্রমণ থেকে ৭৭তম মিনিটে ব্যবধান ৪-০ করে ফেলে বার্সেলোনা। এবার রাফিনহার থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান তরুণ স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। ৮৯তম মিনিটে বার্সেলোনার জালে ডর্টমুন্ড বল পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি।