অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ফরিদপুরের বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বোয়ালমারী পুরোনো বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে অবস্থিত গোল্ডেন লাইনের কাউন্টারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
এক যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার প্রমাণ যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত বোয়ালমারীস্থ গোল্ডেন লাইন কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় এবং ভাড়ার তালিকা টানানো না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।