মিরপুরে বিকেলে ঝড় বয়ে গেছে। তাতে লিজেন্ডস অব রূপগঞ্জ-ব্রাদার্স ইউনিয়নের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটি থেমে যায় দ্বিতীয় ইনিংসের ৪৮.৪ ওভার পরই। ২৭৮ রান তাড়ায় তখন ব্রাদার্সের স্কোর ছিল ২৬০/৯। বৃষ্টি আইনে ১০ রানের জয় রান তুলে সুপার সিক্সের আশা বাচিয়ে রাখতে পেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
সকালে টস হেরে ব্যাটিংয়ে নামা রূপগঞ্জ সৌম্য সরকারের ৮০, মাহমুদুল হাসান জয়ের ৫৯ ও জাকের আলি অনিকের ৪৪ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান তোলে।
২৭৮ রানের লক্ষ্যে নেমে ৯ রানেই ২ উইকেট হারায় ব্রাদার্স ইউনিয়ন। তৃতীয় ওভারের প্রথম দুই বলেই শরীফুল নেন ২ উইকেট। তৃতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মাহফিজুল ইসলাম রবিন ও আইচ মোল্লা। ৪৭ রান করা আইচকে ফিরিয়ে জুটি ভাঙেন শরীফুল।
একপ্রান্ত আগলে রেখে রবিন সাবলীলভাবে খেলতে থাকেন। তবে ব্রাদার্স ইউনিয়নের এই ওপেনার ফিরতেই ধস নামতে শুরু করে ইনিংসে। ১০৮ বলে ৭ চারে করেছেন ৭৬ রান। ৭২ রানে ৫ উইকেট হারিয়ে ৪৭.৪ ওভারে ৯ উইকেটে ২৪৬ রানে পরিণত হয় দলটি। ৪৮তম ওভারের চতুর্থ বলে ইয়াসির আরাফাত মিশুকে ফিরিয়ে নিজের ষষ্ঠ উইকেট নিয়েছেন শরীফুল। ১০ ওভারে ৪০ রানে শরীফুল নিয়েছেন ৬ উইকেট। লিস্ট 'এ' ক্রিকেটে এই প্রথম ৫ উইকেট পেলেন জাতীয় দলের এই পেসার।