পরীক্ষা না দিয়ে প্রেমিকের বাড়িতে অনশন

বরগুনার আমতলীতে এসএসসি (দাখিল) পরীক্ষা না দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার (১০এপ্রিল) সকালে আমতলী উপজেলার পূর্ব চন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটেছে। 

জানাযায়, আমতলী মহিষকাটা এলাকার মাদ্রাসার এক শিক্ষার্থী পার্শ্ববতী পূর্ব চন্দ্রা গ্রামের হেলাল মৃধার ছেলে আরিফ মৃধার সঙ্গে প্রেমে জড়িয়ে পরেন। গত তিন বছর ধরে তারা চুটিয়ে প্রেম করেছেন এমন দাবী ওই পরীক্ষার্থীর। কিন্তু প্রেমিক বরিশাল বিএম কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছাত্র। প্রেমিকা তাদের বাড়িতে গেলে আরিফের পরিবার বিয়ের আশ্বাস দিয়ে তাকে আমতলী থানায় পাঠায়। পুলিশ ওই পরীক্ষার্থীকে স্থানীয় মনির প্যাদার হেফাজতে দেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় ছিল ওই প্রেমিকার দাখিল পরীক্ষা। তিনি পরীক্ষায় অংশ না নিয়ে প্রেমিক আরিফ মৃধার বাড়ীতে অনশনে বসায় ঘটনায় এলাকায় চাঞ্চল্যেকর সৃষ্টি হয়েছে।

ওই দাখিল পরীক্ষার্থী বলেন, আরিফ মৃধা আমার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণও করেছে। এখন তার পরিবারের কথামত আমাকে বিয়ে করতে রাজি না। তাই আমি পরীক্ষা দেয়া বন্ধ করে বিয়ের দাবিতে অনশনে বসেছি। ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে না করলে আমি আত্মহত্যা করবো। আমিতো আমার সবই হারিয়েছি। এখন আর আমার কোথাও যাওয়ার সুযোগ নেই। 

তিনি আরো বলেন, গত বৃহস্পতিবার আমি এ বাড়িতে আসার পর আরিফের মা আমাকে তার ছেলের সঙ্গে রাতে থাকতেও দিয়েছেন। কিন্তু এসব ঘটনার পরপরই আরিফ মৃধা ও তার পরিবার এলাকা ছেড়ে পালিয়েছেন।  

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, দুই পরিবার বসে সমাধান করতে বলেছি। সমাধান হয়েছে কিনা আমি জানিনা। এ বিষয়ে জানতে প্রেমিক আরিফ মৃধা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। 

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেয়ের বিয়ের বয়স হয়নি। তাই আমি একজনের জিম্মায় দিয়েছিলাম। মেয়ের পরিবারকে জানানো হয়েছে কিন্তু তারা মেয়েকে নিতে রাজি না।