সাভারে এক পোশাক শ্রমিক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বান্ধবীর স্বামীর বিরুদ্ধে। রবিবার (৬ এপ্রিল) দুপুরে সাভার পৌর এলাকায় মজিদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে ভুক্তভোগী কিশোরী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত সুরুজ্জামানকে (২৬) আটক করেছে পুলিশ।
আটক সুরুজ্জামান (২৬) লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার বেতাগী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী কিশোরী বলেন, ‘রবিবার সকালে আমার বান্ধবী হ্যাপি এসে আমাকে ওর বাসায় বেড়াতে নিয়ে যায়। দুপুরে বান্ধবী ও তার স্বামীর সঙ্গে খাওয়া দাওয়া করি। এরপরেই আমি ও আমার বান্ধবী অচেতন হয়ে পড়ি। পরে আমার জ্ঞান ফিরলে দেখি বান্ধবীর স্বামী আমাকে ধর্ষণ করছে। সেসময় আমি চিৎকার করলে আমার বান্ধবীরও জ্ঞান ফিরে আসে। তখন হ্যাপি তার স্বামীকে রক্ষা করার জন্য আমার হাত-পা বেঁধে ভিডিও করে রাখে।’
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, ‘লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’