টিভির বাজারে ১৯ বছর ধরে শীর্ষে স্যামসাং

স্যামসাং ইলেকট্রনিকস টানা ১৯তম বছরের মতো বৈশ্বিক টিভি বাজারে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে টিভির বাজারের ২৮ দশমিক ৩ শতাংশ ছিল দক্ষিণ কোরিয়াভিত্তিক এই প্রযুক্তি জায়ান্টের দখলে। নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে টিভির ক্ষেত্রে প্রিমিয়াম ও আলট্রা-লার্জ স্ক্রিনে উদ্ভাবন নিয়ে আসা ও সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করায় মনোনিবেশ করে স্যামসাং। যার ধারাবাহিকতায়, ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী টিভির বাজারে টানা শীর্ষস্থান ধরে রাখতে পেরেছে প্রতিষ্ঠানটি।

নিজেদের অনন্য এ অর্জন নিয়ে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘ধারাবাহিকভাবে ১৯ বছর ধরে বৈশ্বিক টিভি বাজারে শীর্ষস্থান অর্জনের স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এ অর্জন গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যতে টিভি শিল্প খাতের সম্ভাবনা উন্মোচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

বৈশ্বিকভাবে প্রিমিয়াম টিভি সেগমেন্টে (আড়াই হাজার মার্কিন ডলারের অধিক মূল্যের) স্যামসাংয়ের বাজার হিস্যা ৪৯ দশমিক ৬ শতাংশ এবং আল্ট্রা-লার্জ ক্যাটাগরিতে (৭৫ ইঞ্চি ও তার অধিক) প্রতিষ্ঠানটির বাজার হিস্যা ২৮ দশমিক ৭ শতাংশ। স্যামসাং কিউএলইডি ও ওএলইডি সেগমেন্টেও তাদের নেতৃস্থানীয় অবস্থান ধরে রেখেছে। কিউএলইডিতে তাদের বাজার হিস্যা ৪৬ দশমিক ৮ শতাংশ এবং ওএলইডিতে বাজার হিস্যা ২৭ দশমিক ৩ শতাংশ।

স্যামসাং ৮ দশমিক ৩৪ মিলিয়ন কিউএলইডি টিভি ইউনিট বিক্রি করেছে।

কিউএলইডি টিভি প্রথমবারের মতো মোট বৈশ্বিক টিভি বিক্রির ১০ শতাংশ অতিক্রম করেছে; এর মাধ্যমে এ সেগমেন্টে টিভি বিক্রির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওএলইডি সেগমেন্টে স্যামসাং ১ দশমিক ৪৪ মিলিয়ন ইউনিট টিভি বিক্রি করেছে। এর ফলে, বছরপ্রতি বিক্রির ক্ষেত্রে ৪২ শতাংশ এবং বাজার হিস্যার ক্ষেত্রে ৪ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিজ্ঞপ্তি