কোস্ট গার্ড ও র্যাবের যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফের শাহপরীতে ৫০ হাজার পিস ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী এবং র্যাব-১৫ সিপিসি-১-এর সমন্বয়ে টেকনাফ থানার ময়দানের ঘোলাসংলগ্ন সমুদ্র এলাকায় একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোট কোস্ট গার্ড আভিযানিক দলের থামার সংকেত অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড আভিযানিক দল এক ঘণ্টাব্যাপী বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর একটি বস্তায় বিশেষভাবে লুকিয়ে রাখা ৫০ হাজার পিস ইয়াবাসহ সাতজন মাদক পাচারকারীকে আটক করা হয়। বিজ্ঞপ্তি