এ কে খন্দকারের নামে হলো বিমানবাহিনীর ঘাঁটি

ঢাকায় অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটির নাম ‘বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীরউত্তম এ কে খন্দকার’ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে কুর্মিটোলার বিমানবাহিনী ঘাঁটিতে নামকরণ অনুষ্ঠান হয়। এ ঘাঁটির নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। বিমানবাহিনী প্রধান বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি শ্রদ্ধার সঙ্গে আরও স্মরণ করেন মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় বীর এবং জাতির ইতিহাসের এক বর্ণাঢ্য ব্যক্তিত্ব এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীরউত্তমকে যার বীরত্ব গাথা অবদানের জন্য এ ঘাঁটির পুনর্নামকরণ করা হয়েছে।

এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীরউত্তম শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী নেতাও, যিনি বাংলাদেশ বিমানবাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অটুট নিষ্ঠা, কৌশলগত বুদ্ধি এবং অদম্য চেতনা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে। মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তিনি কঠোর মুক্তিসংগ্রামের মাধ্যমে বিজয়ের দিকে পরিচালিত প্রচেষ্টাগুলোর সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতার পর তিনি প্রথম বিমানবাহিনী প্রধান নিযুক্ত হন এবং তার যোগ্যতম পরিচালনায় যুদ্ধবিধ্বস্ত বিমানবাহিনী পুনর্গঠনে সক্ষম হন। বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিষ্ঠায় তার অবদান এবং এই বাহিনীর উন্নয়নে অতুলনীয় ভূমিকা রাখার জন্য তার নামে এই ঘাঁটির নামকরণ করে তাকে এবং তার উত্তরাধিকারীদের সম্মান জানানো হয়। আইএসপিআর