রাজধানীর সেগুনবাগিচায় এক নারী প্রতারকের হাতে হোসাইন ইসলাম লিমন (২৩) নামের এক ব্যবসায়ী লক্ষাধিক টাকা খুইয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। অচতন অবস্থায় উদ্ধারের পর তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। বর্তমানে লিমন বাসায় বিশ্রামে রয়েছেন।
লিমনের বন্ধু শরীফ জানান, লিমনের বাসা সেগুনবাগিচায়। সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির পাশে তার অনলাইন ব্যাংকিং বিকাশের ব্যবসা রয়েছে। ব্যবসায়িক এক লাখ ১২ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শিল্পকলা একাডেমির পাশে একটি ব্যাংকের বুথে গিয়েছিলেন টাকা জমা করতে। সেখানে এক নারী প্রতারক কান্নাকাটি করে তার কাছে এসে বলে, তিনি বিপদে পড়েছেন। একজনের সঙ্গে ফোনে একটু কথা বলবেন। লিমন তখন নিজের পকেট থেকে ফোন বের করছিল। এরপর তার সঙ্গে কি ঘটেছে সে-সব কিছুই মনে নেই তার।
শরীফ জানান, রাত সাড়ে ১২টার দিকে যখন লিমনের জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আবিষ্কার করেন। এরপর সেখান থেকে কোনও মতে একটি রিকশা নিয়ে সেগুনবাগিচার বাসায় ফিরলে স্বজনরা পরিস্থিতি বুঝে লিমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাতে সেখানে চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে বাসায় বিশ্রাম রয়েছে লিমন। তার ব্যবসায়ীক এক লাখ ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, লিমন নামে ওই যুবককে রাতে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছিলেন বলে ধারণ করা হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।