স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত‌্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীর বাহারছড়ায় স্বামী ফরিদুল আলমের ছুরিকাঘাতে স্ত্রী মিনু আক্তার (৩৫) না‌মে এক গৃহবধূর মৃত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে অভিযোগ পাওয়া গে‌ছে। শুক্রবার (১১ এপ্রিল) ভোরে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়‌নের পশ্চিম ইলশা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত ফরিদুল আলম পালিয়ে গে‌লেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে ব‌লে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় প্রত‌্যক্ষদর্শী ও পা‌রিবা‌রিক সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। সংসা‌রে তাদের ২ মেয়ে ও ১ ছেলে। ফরিদুল মোবাইল ব্যবসার সুবাদে প্রায়ই চট্টগ্রাম শহরে থাকতেন। মাঝে-মধ্যে বাড়িতে আসতেন। তাদের মধ্যে তেমন মিল ছিল না। বৃহস্পতিবার মিনু আক্তার বাহারছড়া তার বা‌পের বা‌ড়ি‌তে বেড়া‌তে গে‌লে সেখা‌নে ফরিদুল চট্টগ্রাম থেকে আসেন। শুক্রবার ভো‌রে ঘুমন্ত স্ত্রীকে ছুরিকাঘাত করে কম্বল দি‌য়ে মু‌ড়ি‌য়ে পালিয়ে যান তিনি। পরে মিনুর চিৎকার শুনে স্বজনরা দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

নিহ‌তের বড় মে‌য়ে ব‌লেন, আমার বাবা বা‌ড়ি‌তে এসে মা‌য়ের সঙ্গে নানা সম‌য়ে ঝগড়া কর‌তেন। শুক্রবার নানা বা‌ড়ি‌তে ভো‌রে সবাই যখন ঘু‌মে ছিল তখন মা‌কে ছু‌রিকাঘাত ক‌রে পা‌লি‌য়ে যান।

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বাহারছড়া ফাঁড়ির পুলিশ ফোর্সের নেতৃ‌ত্বে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযুক্তকে গ্রেপ্তার অভিযান প‌রিচালনা‌ কর‌ছে। ত‌বে এ রি‌পোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার দুপুর)‌ সুনির্দিষ্ট কোনও মামলা হয়‌নি ব‌লে জ‌ানা যায়।