নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় বাড়ির আঙ্গিনা থেকে বস্তাবন্দি অবস্থায় দুই নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াসিন নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। নিহতরা হলো- মৃত আব্দুস সামাদের ২ মেয়ে স্বপ্না ও লামিয়া এবং লামিয়ার ৪ বছর বয়সী ছেলে আব্দুল্লাহ। শুক্রবার দুপুরে মিজমিজি বড়বাড়ি পুকুর পাড় বাড়ির আঙ্গিনায় মাটিচাপা বস্তাবন্দি অবস্থায় পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল মো. হাসিনিজ্জামান জানান, দুপুরে একটি বস্তায় মোড়ানো হাত দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের খন্ডিত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত স্বপ্নার স্বামী ইয়াসিনকে আটক করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ইয়াসিন একজন মাদকসেবী। পারিবারিক কলহের জেরে ইয়াসিন তার স্ত্রী স্বপ্না, তার শালিকা লামিয়া ও ছেলে আব্দুল্লাহকে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখে। পুলিশ ধারনা করছে গত দুই তিনদিন আগে ইয়াসিন তার পরিবারের তিনজনকে হত্যা করে খন্ডিত করে বস্তায় ভরে বাড়ির আঙ্গিনায় মাটিচাপা দেয়।
এালাকাবাসী জানায়, চলতি মাসে মিজমিজি পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীরের বাড়ি ভাড়া নেয় স্বপ্না ও লামিয়া। লামিয়ার স্বামী কয়েকদিন আগে মাদক মামলায় জেল খেটে এসেছে। গত ৪/৫ দিন ধরে ঘরটি তালাবদ্ধ ছিল। সকালে কুকুর বস্তাটি নাড়াচাড়া করতে থাকলে প্রথমে হাত বের হয়ে আসে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে শনাক্ত করে।