মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে (৭৬) পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজারের রামু থানা তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম পাড়ার জনৈক আব্দুল গনির বাড়ি থেকে তাকে পুলিশে সোপর্দ করে বিএনপি নেতাকর্মীরা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে তিনি দীর্ঘদিন ধরে রামুর ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন।
নুরুল আবছার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে।
কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাব্বির হোসেন বাদশাহ জানান, আত্মগোপনে থাকার খবর পেয়ে বিএনপি নেতা এনামুল হক, হানিফ জিহাদীর নেতৃত্বে স্থানীয় জনতা ওই বাড়িটি ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ বলছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা না থাকায় শুক্রবার (১১ এপ্রিল) সকালে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, আটক মুক্তিযোদ্ধা নুরুল আবছারের বিরুদ্ধে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কোনো অভিযোগ নেই। এছাড়া চট্টগ্রামের সংশ্লিষ্ট থানায়ও তার বিরুদ্ধে মামলার তথ্য পাওয়া যায়নি। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।