'তিন গুপ্তচর'-এর কাছে লজ্জার হার নেতৃত্বে ফেরা ধোনির

কলকাতার ঘূর্ণিপাকে বিধ্বস্ত চেন্নাই! যে চিপককে দূর্গ হিসেবে গড়ে ছিলেন ধোনিরা, সেখানেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কাছে লজ্জায় চেন্নাই সুপার কিংসের (সিএসকে)। মাত্র ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কেকেআর জিতে নেয় মাত্র ১০.১ ওভারে, ৮ উইকেট হাতে রেখে। ম্যাচ শেষে কেকেআর অধিনায়ক অজিংকা রাহানে জানালেন, এই জয়ের নেপথ্যে ছিল ‘গুপ্তচর’ পরিকল্পনা।

রাহানে বলেন, “আমি গত দু’বছর চেন্নাইয়ের হয়ে খেলেছি। মইন আলি খেলেছে। ডোয়ায়েন ব্র্যাভো দীর্ঘ দিন চেন্নাইয়ে খেলেছে। এখানকার উইকেট আমরা তিন জনই ভালভাবে চিনি। তাই পরিকল্পনা করতেও সুবিধা হয়েছে। তবে কী পরিকল্পনা করেছিলাম, সেটা এখনই বলব না। সামনে আরও অনেক ম্যাচ বাকি।”

ধোনির ক্ষোভ, চেন্নাইয়ের ব্যাটিং নিয়ে বড় প্রশ্ন

এই হারের পর চেন্নাই শিবিরে যেন অশান্তি। টানা পাঁচ ম্যাচে হারের পর সিএসকে-র ক্রিকেটাররাই নিজেদের উপর হতাশ। ম্যাচ শেষে অধিনায়কত্ব ফিরে পাওয়া ধোনির মন্তব্যে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। নিজের দলের টপ অর্ডার ব্যাটারদের দিকেই সরাসরি আঙুল তুলেছেন মাহি।

তিনি বলেন, “আমাদের এই ব্যাটিং লাইনআপ দিয়ে পাওয়ারপ্লেতে ৬০ রান তোলা কঠিন। ওপেনাররা ক্রিকেটীয় শট খেলে, অ্যাগ্রেসিভ না হয়েও রান করতে হবে। কিন্তু সেটা হচ্ছে না। মিডল অর্ডারও সম্পূর্ণভাবে ব্যর্থ।”

ধোনির ফর্ম নিয়েও প্রশ্ন

নিজেও ব্যাট হাতে তেমন কিছু করতে পারছেন না ধোনি। আইপিএল ২০২৫-এ এখনো পর্যন্ত ৬ ম্যাচে করেছেন মাত্র ১০৪ রান। এটা কোনোভাবেই মাহিসুলভ ফর্ম নয়। তার নিজের পারফরম্যান্স নিয়ে যদিও ধোনি মুখ খোলেননি, তবে দলের সামগ্রিক ব্যর্থতায় তার ভূমিকাও যে প্রশ্নের মুখে, তা বলাই যায়।

সুনীল নারিনের বলে আউট ধোনি

রেকর্ড লজ্জা চেন্নাইয়ের

এই প্রথম আইপিএলে টানা পাঁচ ম্যাচে হারল চেন্নাই সুপার কিংস। এর মধ্যে চারটি ম্যাচে অধিনায়ক ছিলেন রুতুরাজ গায়কোয়াড়, আর আজকের ম্যাচে নেতৃত্বে ছিলেন ধোনি। বল হাতে থাকা অবস্থায় আইপিএলে এটাই চেন্নাইয়ের সবচেয়ে বড় পরাজয়। আরও চমকে দেওয়ার মতো তথ্য, ঘরের মাঠে পরপর তিন ম্যাচেই হেরে বসেছে সিএসকে, যা এর আগে কখনও হয়নি।

ধোনির পর্যালোচনা: পরিকল্পনার অভাব, স্পিনে বিপর্যয়

ম্যাচ শেষে ধোনি বলেন, “বেশ কিছুদিন ধরে আমাদের ফল খারাপ যাচ্ছে। প্রতিপক্ষের ভালো স্পিনারদের সামনে আমরা পার্টনারশিপ গড়তেই পারছি না। প্রথম ইনিংসেও বল থেমে থেমে আসছিল, কিন্তু আমরা পরিস্থিতি বুঝে খেলতে পারিনি।”

চেন্নাইয়ের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের হতাশা তুঙ্গে। সামনে আরও কঠিন ম্যাচ রয়েছে। এখন দেখার, এই ধাক্কা থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা মাহির চেন্নাই।