অজ্ঞান পার্টির খপ্পরে ফ্লেক্সিলোড কর্মচারীর লাখ টাকা খোয়া

রাজধানীতে শিল্পকলা একাডেমির সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন হোসাইন ইসলাম লিমন (২৩) নামে এক ফ্লেক্সিলোড কর্মচারী। এ সময় তার কাছে থাকা ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় তারা। গত বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে মেডিসিন বিভাগে ভর্তি করান চিকিৎসক। তার হাসপাতালে নিয়ে আসা লিমনকে রুমমেট সৈকত জানান, সে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পাশে একটি ফ্লেক্সিলোডের দোকানের কর্মচারী।

রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে শিল্পকলা একাডেমির সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়ে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিকভাবে লিমনের জ্ঞান ফিরলে তিনি জানান তার কাছে থাকা ফ্লেক্সিলোডের দোকানের ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় প্রতারক চক্র। আমরা সেগুনবাগিচা এলাকায় একটি বাসায় থাকি। তার সম্পূর্ণ জ্ঞান ফিরে এলে কী ঘটনা ঘটেছিল সে বিষয়টি জানা যাবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, অসুস্থ অবস্থায় এক যুবককে রাতে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে মেডিসিন বিভাগে ভর্তি করান চিকিৎসক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি।