বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে ভুল করবে ভারত। বাংলাদেশের বিশেষ দলের সঙ্গে সম্পর্ক তৈরি না করে, দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী যুব সংহতির উদ্যোগে ‘ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘ফ্যাসিবাদ জমানার মতো ভারত যদি বাংলাদেশকে ক্লাইন্টস্টেট করতে চায়, যদি মনে করে বাংলাদেশ অনুগত রাষ্ট্র হিসেবে থাকবে, এ চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। দুদিন আগে দেখলাম, ভারত আমাদের এখানে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। আমরা যেটুকু বাণিজ্যিক সুবিধা পেতাম, সেটা তারা বন্ধ করে দিয়েছে। আমরা এই ট্রান্সশিপন্টমেন্ট দিয়ে নেপাল, ভুটানের মতো দেশে বাণিজ্যিক পণ্য রপ্তানি করতে পারতাম। এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না।’